
মোঃ জসীম মিয়া
মাদারীপুর।
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।এ ঘটনায় অভিযুক্ত স্বামী রিয়াদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যে রাতে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতাল-এর মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত মিম আক্তার কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ে। আটককৃত স্বামী কে এম আব্দুল্লাহ নোমান ওরফে রিয়াদ খান সদর উপজেলার কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র মতে, গত এক বছর আগে গোপনে বিয়ে করেন রিয়াদ খান ও মিম আক্তার। এর আগে মিমের আরও একটি বিয়ে হয়েছিল, সেই ঘরে ৫ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। সকল কিছু জেনেই রিয়াদ মিমকে বিয়ে করেন। তারা বিয়ে করে মাদারীপুর বিসিক শিল্পনগরী এলাকার একটি ভাড়া বাসায় উঠেন। কয়েক মাস যেতে না যেতেই প্রতিনিয়তই মিমের আগের ঘরের সন্তানকে নিয়ে রিয়াদের সাথে ঝগড়া লেগেই থাকতো। সেই ঝগড়ার ধারাবাহিকতায় বুধবার রাতে স্বামী স্ত্রীর মাঝে বাকবিতন্ডায় হয়।এরপরে আনুমানিক রাত ২টার দিকে স্বামী রিয়াদ তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে শশুরবাড়ির লোকজনকে খবর দেয়।শ্বশুর বাড়ির লোকজন এসে দেখতে পায় মিমের লাশ পরে আছে।খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ঘটনার পরপরই স্বামীকে আটক করে পুলিশ।
নিহত গৃহববধূ মিমের মা রোকসানা বেগম অভিযোগ করে বলেন, মিমের আগের ঘরে একটি মেয়ে রয়েছে, সেই মেয়েকে নিয়েই রিয়াদ প্রতিনিয়ত ঝগড়া করতো আমার মেয়ের সাথে।
আমার মেয়েকে মারধর ও শ্বাসরোধ করে রিয়াদই হত্যা করেছে।আমি আমার মেয়ের হত্যার কঠিন বিচার চাই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন,খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রিয়াদকে আটক করা হয়েছে,আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।